বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু এক স্কুটি চালকের,প্রতিবাদে বাস স্ট্যান্ডে বিক্ষোভ।
বাসের চালক বাসটিকে গোবিন্দনগর বাস স্ট্যান্ডে রেখে চম্পট দেয়৷ উত্তেজিত জনতা দাঁড়িয়ে থাকা বাসে ভাঙ্গচুর চালায়৷ এবং প্রতিবাদে বাস স্ট্যান্ডে বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু হল এক স্কুটি চালকের। এদিন দুপুরে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া শহরের অরবিন্দনগর ঘড়ি মোড়ের কাছে জুনবেদিয়া বাইপাসে৷ মৃত যুবকের নাম রাজকুমার গরাই। শহরের দোলতলার বাসিন্দা পেশায় মোবাইল ফোনের ব্যবসায়ী রাজকুমার বাবু স্কুটি চড়ে যাচ্ছিলেন। আচমকা দ্রুত গতিতে আসা দুর্গাপুর - বরাবাজার রুটের সঙ্গীতা নামে বাসটি তাঁকে ধাক্কা দেয়।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে,চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।স্থানীয় সুত্রে জানা গেছে,বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ড ঢোকার জন্য সময় বাঁচাতে এই বাসটি সতীঘাট হয়ে জুনবেদিয়া বাইপাস রোড ধরে স্ট্যান্ড যাচ্ছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে৷
বাসের চালক বাসটিকে গোবিন্দনগর বাস স্ট্যান্ডে রেখে চম্পট দেয়৷ উত্তেজিত জনতা দাঁড়িয়ে থাকা বাসে ভাঙ্গচুর চালায়৷ এবং প্রতিবাদে বাস স্ট্যান্ডে বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়। পরিস্থিতি সামাল দিতে বাঁকুড়া সদর থানার আইসি বাস স্ট্যান্ড পৌঁছলে, বিক্ষোভকারীরা বাসের টাইম টেবিল কে কেন্দ্র করে বাসের রেসারেসি ও শহরে ঢুকে দ্রুত গতিতে বাস চলাচল বন্ধের দাবি তুলে সরব হন। পুলিশ কে ঘিরে বেশ কিছুক্ষণ বিক্ষোভও চলে। ব্যহত হয় বাস চলাচল৷ অবশেষে, পুলিশ বাস চলাচলে নিয়ন্ত্রণ এবং বাসের চালক কে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। এবং বাস চলাচল স্বাভাবিক হয়৷ এদিকে,জানা গেছে ঘাতক বাসটিকে আটকের পাশাপাশি, ইন্দপুর থেকে বাসের চালক ও খালাসিকে ধরেছে পুলিশ।অন্যদিকে,তরতাজা যুবক রাজকুমারের এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শহরের দোলতলা এলাকায়।
এখন দেখার, এই দুর্ঘটনার পর শহরে ঢোকা ও বের হওয়ার সময় যাত্রীবাহী বাসের গতিবেগ নিয়ন্ত্রণে পুলিশ কি ব্যবস্থা নেয়? সে দিকেই তাকিয়ে আছেন শহরবাসী।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇




