চাক দে ইন্ডিয়া! বিশ্বজয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ল দেশ,দীপাবলীর আবহে মাতল শহর বাঁকুড়া।
তৃতীয়বারের মতো টি -২০ বিশ্বকাপের এই মর্যাদাপূর্ণ ট্রফি জিতল টিম ইন্ডিয়া। ভারতের এই ঐতিহাসিক সাফল্যে গর্বিত ক্রিকেটপ্রেমীরা। আর সেই আনন্দের ঢেউ আছড়ে পড়েছে বাঁকুড়াতেও, যেখানে রাতভর চলেছে উদযাপন।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ভারতের বিশ্বজয়, অকাল দীপাবলীর আবহে মাতল শহর বাঁকুড়া। টি–২০ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে দেশ জুড়ে যখন উৎসবের আবহ, তখন তার ব্যতিক্রম নয় বাঁকুড়াও। ভারতের ঐতিহাসিক জয়ের খবর ছড়িয়ে পড়তেই শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে যায় উদযাপন। তেরঙ্গা হাতে রাস্তায় নেমে আসেন যুবক–যুবতী থেকে শুরু করে সাধারণ মানুষ। পাড়ায় পাড়ায় বের হয় বিজয় মিছিল, ফাটানো হয় বাজি। অনেক জায়গায় ঢাক–ঢোল বাজিয়ে আনন্দে মাতেন ক্রিকেটপ্রেমীরা। যেন অকাল দীপাবলীর আবহে উৎসবে মেতে ওঠে গোটা শহর। ২০২৬ সালের টি–২০ বিশ্বকাপ ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে। দলের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সঞ্জু স্যামসন (৮৯)। এছাড়াও ঈশান কিশান ৫৪ এবং অভিষেক শর্মা ৫২ রান করে দলের স্কোরকে শক্ত ভিতের উপর দাঁড় করান। জবাবে, ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের দাপটে ১৫৯ রানে অলআউট হয়ে যায় কিউই দল। দুর্দান্ত বোলিং করে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন জসপ্রীত বুমরাহ। এছাড়াও অক্ষর প্যাটেল ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন।এই জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বার টি–২০ বিশ্বকাপ জয়ের নজির গড়ল ভারত। পাশাপাশি তৃতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ ট্রফি জিতল টিম ইন্ডিয়া। ভারতের এই ঐতিহাসিক সাফল্যে গর্বিত ক্রিকেটপ্রেমীরা। আর সেই আনন্দের ঢেউ আছড়ে পড়েছে বাঁকুড়াতেও, যেখানে রাতভর চলেছে উদযাপন।
👁️🗨️দেখুন🎦ভিডিও 👇




