বাঁকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী ডা: অনুপ মন্ডলের কেন রাজনীতিতে যোগদান? খোলসা করলেন নিজেই
বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা: অনুপ মন্ডল কে। এই নতুন সমীকরণের পর বিজেপি কাকে প্রার্থী কারে সেটাই এখন দেখার!

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়ার রাজনৈতিক ময়দান ক্রমশই জমে উঠছে। শহর বাঁকুড়ায় বাঁকুড়া বিধানসভা আসনে বিজেপির প্রার্থী ঘোষণা না হলেও,বাম এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর একপ্রস্ত প্রচার ও জনসংযোগ সেরে ফেলেছে এই দুই দল। তৃণমূল কংগ্রেসের তরফে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শহরের পরিচিত চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা: অনুপ মন্ডলকে। প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। প্রশ্ন উঠছে কেন তিনি রাজনীতিতে এলেন? যদিও রাজনীতিতে যোগ দেওয়ার কারণ নিজেই খোলসা করেছেন বাঁকুড়া২৪x৭ এর কাছে। রাজনীতিতে যোগদানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডা: মন্ডল বলেন, চিকিৎসক হিসেবেই দীর্ঘদিন মানুষের সেবা করে এলেও বৃহত্তর পরিসরে কাজ করা যায়। জন্য জন্য রাজনীতিতে আসা প্রয়োজন বলে তিনি মনে করেন।
তাঁর কথায়, “ডা: বিধানচন্দ্র রায় যেমন একসাথে চিকিৎসা ও রাজনীতি করেছেন, তেমনই দেশে একাধিক উদাহরণ রয়েছে। ডাক্তারি ও রাজনীতি—দুটো ক্ষেত্রেই মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ আছে। তাই আমি এই পথ বেছে নিয়েছি।” একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ভবিষ্যতেও চিকিৎসা পরিষেবা এবং রাজনৈতিক দায়িত্ব—দুটোই সমানতালে চালিয়ে যাবেন। এদিকে, প্রধান প্রতিপক্ষ বিজেপি এখনও এই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা না করায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। যদিও এই বিষয়কে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল প্রার্থী। তাঁর মতে, “কে প্রার্থী হচ্ছেন সেটা বড় বিষয় নয়, বাঁকুড়ার মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়নের নিরিখেই ভোট দেবেন।”প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই মাঠে নেমে পড়েছেন ডা: অনুপ মন্ডল।
নিজে হাতে দেওয়াল লিখন শুরু করার পাশাপাশি কর্মী-সমর্থকদের নিয়ে মিছিলও করেন। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে এই নতুন সমীকরণের পর বিজেপি কাকে প্রার্থী কারে সেটাই এখন দেখার!
👁️🗨️দেখন🎦ভিডিও। 👇




